অনিবার্য কারণে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৩ দিন পর্যটকদের ভ্রমণ না করার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন। গতকাল রবিবার বিকেলে এ তিন জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদাভাবে এই অনুরোধ জানানো হয়েছে।
রাঙ্গামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সময়ের মধ্যে রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমণ না করার জন্য আমরা আহ্বান করছি। পর্যটকদের সাময়িক এ অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আশা করছি, এই সময়ের মধ্যে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং এরপর পর্যটকরা রাঙ্গামাটি ভ্রমণ করতে পারবেন।’
বান্দারবানের ডিসি মো. শাহ মোজাহিদ উদ্দিন ও খাগড়াছড়ির ডিসি মো. সহিদুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৪ সেপ্টেম্বর থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে আসছিল জেলা প্রশাসন। তিন দফায় তিন দিন করে ৯ দিন বাড়ানো হয় এ আদেশ। ৪ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে ভ্রমণ না যেতে পরামর্শ দিয়েছিল জেলা প্রশাসন।