পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত হয়েছেন। ভয়াবহ এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পাকিস্তানে চীনা দূতাবাস একে, “সন্ত্রাসী হামলা” উল্লেখ করে জানিয়েছে, হামলায় স্থানীয় কয়েকজন হতাহত হয়েছে। তবে হামলায় হতাহতের সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
বিবিসি বলছে, সিন্ধু প্রদেশে একটি বিদ্যুৎ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটি এর আগেও চীনা নাগরিকদের উপর হামলা চালিয়েছে।
সোমবার এক বিবৃতিতে বিএলএ বলেছে, করাচি বিমানবন্দর থেকে আসা চীনা প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের একটি উচ্চ পর্যায়ের দলকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে। ‘গাড়িতে বহন করা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)’ দিয়ে এই হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করেছে সংগঠনটি।
সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার বলেছেন, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) থেকে বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে- একটি গাড়ির সঙ্গে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষের পর বিস্ফোরণটি ঘটে। ওই বিস্ফোরণে শব্দ পাশের অন্য শহর থেকেও শোনা গেছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরিত এলাকা থেকে কালো ধোঁয়া উড়ছে, আগুন জলছে। এটি বিস্ফোরণ নাকি দুর্ঘটনা সে ব্যাপারে এখনও নিশ্চিত নয়।