সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার একাধিক মামলার আসামি ইউপি সদস্য আবু সাদেক ভূঁইয়াকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৭ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। এর আগে রবিবার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু সাদেক ভূঁইয়া আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার এবং ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় বসবাস করেন। তার বিরুদ্ধে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মারামারি, জমি দখল, ফুটপাত দখলসহ বিস্তর অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় আসামি সাদেক ভূঁইয়ার নেতৃত্বে নিরীহ ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। ওই ঘটনায় আশুলিয়া থানা এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা দায়ের করলে ঢাকাসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন সাদেক ভূঁইয়া। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার আসামি সাদেক ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সাদেক ভূঁইয়ার বিরুদ্ধে ছাত্র-জনতার একাধিক হত্যা মামলা ছাড়াও দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজী ও ভূমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে।