কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের দুইজন গ্রেপ্তার

রাজধানীর বংশাল থানা এলাকায় রূপালী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের গ্রাহকদের কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) বংশাল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলো— মো. সাজ্জাদ খান ও সৈয়দ জাফর আলী।

রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে খুলনার খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশের একটি টিম।

বংশালের আরমানিটোলায় রূপালী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। যার এমডি গ্রেপ্তারকৃত সাজ্জাদ ও ম্যানেজার জাফর আলী। ভিকটিম পূর্ব পরিচয়ে তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে তার পরিবারের সদস্যদের নামে দুই কোটি ১৭ লাখ টাকার এফডিআর ও ২২ লাখ টাকার ডিপিএস খোলেন যা মেয়াদান্তে পূর্ণ হওয়ার কথা। শর্ত অনুযায়ী এর লভ্যাংশ গত ২৬ সেপ্টেম্বর দেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা দেয়নি। 

ভুক্তোভোগী ৩০ সেপ্টেম্বর তাদের অফিসে গিয়ে দেখেন সেখানে তালা দেওয়া এবং তাদের মোবাইল বন্ধ। পরবর্তী সময়ে গত ১ অক্টোবর ভুক্তোভোগীর অভিযোগের প্রেক্ষিতে বংশাল থানায় একটি প্রতারণার মামলা করা হয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে দিবাগত রাতে খুলনার খানজাহান আলী এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।