নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতদলকে ধাওয়া করে থানা থেকে লুট করা ৮ রাউন্ড গুলিসহ পিস্তল ও মাদকদ্রব্য উদ্ধার করেছে সেনাবাহিনীর টহলদল। রোববার গভীর রাতে গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কে উপজেলার জালাকান্দি কবরস্থান এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল উৎপাত চালাচ্ছিল বলে অভিযোগ ছিল স্থানীয়দের। অভিযোগের ভিত্তিতে রোববার রাতে জালাকান্দি কবরস্থানের এলাকায় সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি একটি চেকপোস্ট স্থাপন করে। এছাড়াও নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী বিশেষ টিম আঞ্চলিক মহাসড়ক ও আশেপাশের এলাকায় ব্যাপক অনুসন্ধান পরিচালনা করে। এ পর্যায়ে পরিত্যক্ত একটি বাড়ির মধ্য দিয়ে কয়েকজন অপরাধীকে পালিয়ে যেতে দেখে সেনাবাহিনীর তাদের ধাওয়া করে। এ সময় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, মাদকদ্রব্য ও যানবাহন থামানোর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
থানার ওসি আরও জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর পর গত ৫ আগস্ট থানায় হামলা চালিয়ে লুটপাট করে কিছু দুর্বৃত্ত। ওইদিন সন্ধ্যায় আড়াইহাজার থানায় আক্রমণ, ভাংচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটে।