বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বী হত্যা মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সাবেক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন ওরফে শাহাদতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।
রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে পল্লবীর ৭নং সেকশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পল্লবী এলাকায় আকরাম খান রাব্বী হত্যার ঘটনায় গত ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় রাস্তা পারাপারকালে আকরাম খান রাব্বী নামের এক ব্যক্তি গুলিতে আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবার অভিযোগের প্রেক্ষিতে হত্যা মামলাটি করা হয়।
মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাব্বী হত্যায় জড়িত ফুয়াদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।