৭ অক্টোবর জাতীয় আগ্রাসন বিরোধী দিবস পালনের আহ্বান ইনকিলাব মঞ্চের 

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ছাত্রলীগের বর্বর হত্যাকাণ্ডের শিকার হন বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ। যিনি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রথম শহীদ।

রবিবার (৭ অক্টোবর) শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ছাত্র জনতার পক্ষ থেকে কুষ্টিয়ার কুমারখালিতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করা হয়। সর্বস্তরের ছাত্র জনতার সাথে জিয়ারতে অংশ নেন আবরার ফাহাদের দাদা ও চাচা। 

মোনাজাত শেষে আবরার ফাহাদের এই মহান ত্যাগকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৭ অক্টোবরকে 'জাতীয় আগ্রাসন বিরোধী দিবস' হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সকল মুক্তিকামী মানুষকে এই দিনে 'জাতীয় আগ্রাসন বিরোধী দিবস' পালনের আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, চব্বিশে ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী যে সংগ্রামের সূচনা হয়েছে, শহীদ আবরার হলেন আমাদের সেই সংগ্রামের প্রবাদ পুরুষ।

তিনি আরও বলেন, হাজারো শহীদের জীবনের বিনিময়ে যে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বিনির্মানের যাত্রা শুরু হয়েছে, শহীদ আবরার হলেন সেই সংগ্রামের প্রধান অনুপ্রেরণা। যিনি আমাদেরকে সকল আধিপত্যবাদ ও তাঁবেদারির বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন।  

শহীদ আবরারের কবর জিয়ারত শেষে উপস্থিত ছাত্র জনতার পক্ষ থেকে ৭ অক্টোবর 'আগ্রাসন বিরোধী দিবস' ঘোষণা করার উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানায় ইনকিলাব মঞ্চ।