চাঁপাইনবাবগঞ্জে ইলিশ মাছ ও ট্রাকসহ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি দিয়ে ভারতে পাচারের সময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশসহ একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
সোমবার (৭ অক্টোবর) বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি দিয়ে একটি ভারতীয় খালি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশী করে একটি বক্সের ভেতর থেকে ১৭কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছ উদ্ধার করে। 
 
অবৈধভাবে বাংলাদেশী ইলিশ মাছ ভারতে চোরাচালানের দায়ে ভারতীয় ট্রাক ড্রাইভার অলক মন্ডলকে (২২) আটক করা হয়। তিনি ভারতের মালদা জেলার ইংলিশ বাজার থানার কাঞ্চান্টার টিয়াকাঠি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রনজিৎ মন্ডল।
 
আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পাচারকৃত ইলিশ মাছ এবং ট্রাকসহ মামলা করতে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।