ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধান ফটকে তালা দিয়েছে ওই বিভাগের শিক্ষার্থীরা।
আজ সোববার (৭ অক্টোবর) দুপুর ১টায় রবীন্দ্র-নজরুল কলাভবন থেকে ওই শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিভাগটির শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেয়। এতে ক্যাম্পাস হতে কুষ্টিয়া ও ঝিনাইদহ রুটের বাসগুলো প্রায় দেড় ঘণ্টা আটকে থাকে। পরে তারা উপাচার্যের কাছে ওই শিক্ষকের অপসারণের দাবি জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, হাফিজুল ইসলাম ক্লাসে ছাত্রীদের বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন করেন, পোশাক নিয়ে কটূক্তি করেন, মা-বাবা নিয়ে প্রশ্ন তোলেন, বন্ধু-বান্ধব ঘোরাঘুরি করলে তাদের নিয়েও কটূক্তি করতেন। ক্লাসের মধ্যে শিক্ষার্থীদের গালাগাল করাসহ এক ছাত্রীকে ফ্যানে ঝুলিয়ে মারতে চাওয়ার অভিযোগও করেন শিক্ষার্থীরা।
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী লামিয়া হোসাইন বলেন, ‘আমি ২০১৯ সালে ভর্তি হওয়ার পর থেকে প্রত্যেকটা দিন আমাকে আতঙ্কে কাটাতে হয়েছে। কারণ হাফিজ স্যার ক্লাসে এসে কি না কি বলবে, আমাকে অপমান করবে। আমি কি জামা পরলাম, কি কথা বললাম, কোথায় গেলাম— এগুলো নিয়ে তিনি প্রশ্ন করতেন। দুইদিন ডিপার্টমেন্টে না আসায় আমাকে পুরো বিভাগের সামনে বলা হয়েছে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারবে। আমি আমার অবিভাবক নিয়ে গেলে সে অস্বীকার করে কিন্তু ক্লাসের সবাই সাক্ষী। আমি হাফিজ স্যারের পদত্যাগ চাই।'