সিলেটের বিয়ানীবাজারের মাথিউরা-বহরগ্রাম সড়কের ৫ কিলোমিটার ভাঙা আর খানাখন্দে কয়েক বছর ধরে ভোগান্তি পোহাচ্ছে দুই উপজেলার লক্ষাধিক মানুষ। সড়কে ছোট ছোট খানাখন্দগুলো দিন দিন বড় হয়ে দুর্ঘটনা বেড়ে চলেছে। এতে করে এই অঞ্চলের মানুষের যাতায়াত হুমকির মুখে পড়েছে। বিশেষ করে রোগীসহ শিক্ষার্থীদের যাতায়াতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। সবশেষ বন্যায় ২০২২ সালে সড়কটির অবস্থা বেগতিক হলেও সংস্কারের দিকে ফিরে তাকায়নি কেউ।
সরেজমিন দেখা যায়, সংস্কারের অভাবে সড়কটিতে গর্তে পানি জমে কার্পেটিং উঠে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া সড়কটির কার্পেটিং উঠে যাওয়াসহ সড়ক থেকে মাটি সরে যাচ্ছে। এ ছাড়া হালকা বৃষ্টি হলে তলিয়ে যায় সড়কটি। স্থানীয়দের অভিযোগ- দীর্ঘ দিন থেকে অবহেলা আর অযত্নে সড়কটি সংস্কারের মুখ দেখেনি।
স্থানীয় আলীম উদ্দিন নামের এক যুবক বলেন, সিলেট থেকে বিয়ানীবাজার যেতে গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে একটি মাথিউরা ও বরগ্রাম অংশের এই সড়কটি। কিন্তু দীর্ঘদিন থেকে সড়কটি সংস্কার না হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় দুই উপজেলার মানুষ পিছিয়ে পড়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী কর্মকর্তা দিপক কুমার বলেন, সড়কটি সম্পর্কে আমরা অবগত আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে কবে নাগাদ এর কাজ শুরু হবে তা বলা যাচ্ছে না।