বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে পলাশীর মোড়ে শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় তিনি এ দাবি জানান।
আবরার ফাহাদের বাবা বলেন, আমার ছেলেকে আজকের এই দিনে দীর্ঘ ৫ ঘণ্টা অত্যাচারের পর হত্যা করা হয়েছিল। আমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল বলেই তাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা করে। আমি চাই যারা আমার ছেলের হত্যায় জড়িত ছিল তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা। তাদের শাস্তি যেন কমানো না হয়। প্রশাসনের কাছে দাবি জানাব ভবিষ্যতে যেন আমার ছেলের মতো কাউকে জীবন দিতে না হয়।
তিনি আরো বলেন, আমার ছেলে নিজের স্বার্থ নয় বরং দেশের স্বার্থ নিয়ে কথা বলায় জীবন দিতে হয়েছে। বিগত সরকার যথাযথ বিচার করেনি। আমি আশাকরি বর্তমান নিরপেক্ষ সরকার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।