ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের হামলার প্রথম বার্ষিকী উপলক্ষে সোমবার (৭ অক্টোবর) ইসরায়েলজুড়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বর্ষপূর্তির কয়েক ঘণ্টা আগে ইসরায়েল বৈরুত ও গাজায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে।
এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর রকেট ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় আঘাত হানে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাইফা ও তিবেরিয়াস শহরে রকেট হামলায় ৫ জন আহত হয়েছে।
গত মাসে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদারের পর থেকে লেবাননের রাজধানী বৈরুতে তীব্র বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। বড় বড় আগুনের গোলা অন্ধকার আকাশকে আলোকিত করে এবং বৈরুতজুড়ে গর্জন প্রতিধ্বনিত হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতর ও অস্ত্রাগারে বিমান হামলা চালানো হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলেও অন্তত দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশীয় সংবাদমাধ্যমগুলো। প্রসঙ্গত, এক বছর আগে গাজা থেকে রকেট হামলার মধ্য দিয়ে হামাসের হামলাও শুরু হয়েছিল।
এর আগে সোমবার গাজার কেন্দ্রস্থলে একটি হাসপাতালে হামাস পরিচালিত পুলিশের ব্যবহৃত দুটি অস্থায়ী পয়েন্টে ইসরায়েলি হামলায় এক সাংবাদিক আহত হন। তাদের যখন আঘাত করা হয় তখন ঘটনাস্থলে কোনো পুলিশ উপস্থিত ছিল না।
লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার হিজবুল্লাহর
এদিকে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে হামাসকে সমর্থন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। হামাসের মিত্ররা দক্ষিণ ইসরায়েলে অতর্কিত হামলা চালানোর এক বছর পূর্তি এবং গাজা ও লেবাননে চলমান হামলার মধ্যে সোমবার এই বিবৃতি দেওয়া হয়।
সরকারি হিসাব অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে গত একমাসে লেবাননে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হিজবুল্লাহ বলছে, গাজায় যুদ্ধবিরতি হলে তারা হামলা বন্ধ করবে। যদিও তাদের দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহ বলেছে, ‘আল্লাহর ইচ্ছায় আমরা আগ্রাসন প্রতিহত করতে আমাদের প্রতিরোধের সামর্থ্যের ওপর আত্মবিশ্বাসী।’