বিএনপি সাধ্যমতো বন্যাকবলিত মানুষকে সহায়তা করছে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি সাধ্যমতো বন্যাকবলিত অসহায় মানুষকে সহযোগিতা করছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি সর্বশক্তি দিয়ে ত্রাণ ও পুনর্বাসন তৎপরতা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সরকারি ত্রাণ অপ্রতুল।

আজ সোমবার সকাল থেকে দিনব্যাপী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সদর, কৈচাপুর ও ধারা ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।

এর আগে তিনি হালুয়াঘাট উপজেলা নির্বাহী এরশাদুল আহমেদের সঙ্গে হালুয়াঘাটের বন্যা পরিস্থিতি, সরকারি ত্রাণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা করেন। এদিন তিনি দুর্গত মানুষের মাঝে চাল, মুড়ি, চিড়া, তেল, শিশু খাদ্য, রান্না করা খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বন্যাদুর্গত মানুষকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের উচিৎ ক্ষতিগ্রস্ত মানুষকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী দেওয়া। ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পুননির্মাণ, আগাম ফসল না ওঠা পর্যন্ত সহযোগিতা, ক্ষতিগ্রস্ত গরু, মাছ ও মুরগি খামারিদের শর্তহীন সুদমুক্ত ঋণ প্রদান করা।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, সদস্য আসলাম মিয়া বাবুল, হাফেজ আজিজুল হক, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, শমসুল ইসলাম শামস, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান ,হুমায়ুন কবির, তারিকুল ইসলাম চঞ্চল, যুবদল নেতা আবদুল মালেক, মোতালেব হোসেন, আবদুল মালেক সোহান, ইমরান জাহিন সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।