ইউক্রেন দুই মাসে ২০ হাজার সেনা হারিয়েছে: রাশিয়া

রাশিয়ার কুরস্ক অঞ্চলে অভিযানে গিয়ে মাত্র দুই মাসে ২০ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত কুরস্কে অভিযান চালাতে গিয়ে ২০ হাজার ৮০০ সেনা হারিয়েছে ইউক্রেন। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের দারুণভাবে প্রতিহত করেছে রাশিয়ার সেনারা। তাদের সেই অঞ্চল পার হতে দেয়নি তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনের দুই শতাধিক সেনা নিহত হয়েছে। এই সময়ে ইউক্রেনের গোলন্দাজ ইউনিটের বেশ কিছু সরঞ্জাম, তিনটি মর্টার, দুটি যান ধ্বংস করে দিয়েছে রাশিয়া।

এ ছাড়া গত আগস্টের শুরু থেকে ইউক্রেনের হামলা শুরু হওয়ার পর থেকে ইউক্রেন ১৩০টি ট্যাংক, ৬৬টি পদাতিক সাঁজোয়া যান, শতাধিক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার হারিয়েছে বলে দাবি করেছে মস্কো।