সমবায় সমিতির নামে প্রতারণা চক্রের গ্রেপ্তার ২

প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে রাজধানীর বংশালের রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের দুজনকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানার সদস্যরা। গ্রেপ্তাররা হলেন মো. সাজ্জাদ খান ও সৈয়দ জাফর আলী।

গত  রবিবার রাতে খুলনার খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশের একটি দল। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এতে বলা হয়, বংশালের আরমানিটোলায় রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। যার এমডি গ্রেপ্তর সাজ্জাদ ও ম্যানেজার জাফর আলী। ভিকটিম পূর্ব পরিচয়ে তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে তার পরিবারের সদস্যদের নামে ২ কোটি ১৭ লাখ টাকার এফডিআর ও ২২ লাখ টাকার ডিপিএস খোলেন, যা মেয়াদান্তে পূর্ণ হওয়ার কথা। শর্ত অনুযায়ী এর লভ্যাংশ গত ২৬ সেপ্টেম্বর দেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা দেয়নি। ভিকটিম ৩০ সেপ্টেম্বর তাদের অফিসে গিয়ে দেখেন, সেখানে তালা দেওয়া এবং তাদের মোবাইল ফোন বন্ধ। পরে গত ১ অক্টোবর ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে বংশাল থানায় একটি প্রতারণার মামলা করা হয়।

অভিযান সম্পর্কে আরও বলা হয়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায়  অবস্থান শনাক্ত করে রবিবার রাতে খুলনার খানজাহান আলী এলাকায় অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।