আফগানিস্তানের পর আয়ারল্যান্ডের কাছেও হারল দক্ষিণ আফ্রিকা

পরাজয় দিয়ে আরব আমিরাত সফর শেষ করল দক্ষিণ আফ্রিকা। গতকাল সোমবার আবু ধাবিতে আয়ারল্যান্ডের কাছে সিরিজের শেষ ওয়ানডেতে তারা ৬৯ রানে হেরেছে। যদিও তারা সিরিজ জিতে নিল ২-১ ব্যবধানে। এর আগে আরব আমিরাতেই আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল প্রোটিয়ারা। তাদের পরবর্তী মিশন বাংলাদেশের মাটিতে দুই টেস্টের সিরিজ।

জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৮৪ রান তোলে আয়ারল্যান্ড। কোনো তিন অংকের স্কোর ছাড়াই তারা এত রান তুলেছে। সর্বোচ্চ ৮৮ রান করেছেন অধিনায়ক পল স্টার্লিং। অপর ওপেনার অ্যন্ড্রু বালবার্নি করেন ৪৫। ওপেনিং জুটিতেই আসে ১০১ রান।

এরপর হ্যারি টেক্টর ৪৮ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন। পরের দিকে আর কেউ বড় স্কোর গড়তে পারেননি। ৬ ব্যাটার যেতে পারেননি দুই অংকে। বল হাতে ৫৬ রানে ৪ উইকেট নিয়েছেন লিজার্ড উইলিয়ামস। এছাড়া ওটনিয়েল বার্টম্যান আর আন্দিলে ফেলুকায়ো নেন ২টি করে।

রান তাড়ায় নেমে ইনিংসের পঞ্চম বলে দলীয় ৪ রানেই ফেরেন রায়ান রিকেলটন (৪)। সেই যে পতনের শুরু, এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। চতুর্থ উইকেটে কাইল ভেরানে এবং ট্রিস্টান স্টাবসের ৪৯ রানের জুটিটাই সর্বোচ্চ। এর মাঝেই সেঞ্চুরি মিস করেন জেসন স্মিথ। তার ৯৩ বলে ৯১ রানের ইনিংসে ছিল ৯টি চার এবং ৪টি ছক্কার মার।

এছাড়া প্রোটিয়াদের আর কেউই ফিফটি করতে পরাএননিং দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন কাইল ভেরানে। ৬ ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি। ৪৬.১ ওভারে মাত্র ২১৫ রানে অল-আউট হয় প্রোটিয়ারা। ৩টি করে উইকেট নেন ক্রেইগ ইয়ং আর গ্রাহাম হিউম।