মধ্যপ্রাচ্যের প্রধান শহরগুলোয় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় লেবাননে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের সরিয়ে নিতে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনকে (আইওএম) অনুরোধ করেছে ঢাকা।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘চ্যালেঞ্জ হলো বৈরুতের বিমানবন্দর বর্তমানে ফ্লাইট পরিচালনার জন্য অনিরাপদ। আমরা বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য যুদ্ধক্ষেত্রের বাইরে বিকল্প স্থান খোঁজার পরামর্শ দিয়েছি।’
তিনি বলেন, লেবাননে বাংলাদেশ মিশনকে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ক্রমবর্ধমান সংঘাতের কারণে অবনতিশীল পরিস্থিতির সম্মুখীন হয়ে হাজার হাজার বাংলাদেশি অভিবাসী নিরাপত্তার সন্ধানে দক্ষিণ লেবানন থেকে বৈরুতে পালিয়েছে। লেবাননে বাংলাদেশ দূতাবাস ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য প্রচেষ্টা সমন্বয় করছে। সংঘাতপূর্ণ এলাকার কাছাকাছি হওয়ার কারণে গত সপ্তাহে অস্থায়ীভাবে দূতাবাসকে একটি নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়।
ইসরায়েল বছরের মধ্যে সবচেয়ে বড় বিমান হামলা শুরু করলে ২৩ সেপ্টেম্বর লেবাননে সহিংসতা তীব্রতর হয়। এতে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করার পরে দক্ষিণ লেবাননের দিকে দৃষ্টি নিবদ্ধ করে।