নদীতে মাছ ধরা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩

নাটোরের সিংড়ায় মদনডাঙ্গা নদী দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে এবং পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নাটোর সদর এলাকা থেকে কয়েকজন মোটরসাইকেল নিয়ে ঢাকঢোর বাজারে এলে তাদের নদী দখলকারী বলে মারধর শুরু করেন স্থানীয় গ্রামবাসী। এক পর্যায়ে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

জানা যায়, মদনডাঙ্গা নদী গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার নামে দীর্ঘদিন ভোগ দখল করে আসছিল ঢাকঢোর গ্রামবাসী। নদীটির অবস্থান নলডাঙ্গা উপজেলায় হলেও বরাবরই ঢাকঢোর গ্রামবাসী ভোগদখল ও মাছ শিকার করে থাকে। কিন্তু গত ৪ অক্টোবর নলডাঙ্গা উপজেলার মদনডাঙ্গা গ্রামের জেলেরা সেটিকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এরপর থেকেই দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা যায়। 

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বলেন, ‘সরকারি নদীতে মৎস্য শিকার করা নিয়ে পার্শ্ববর্তী নলডাঙ্গা উপজেলার বাসিন্দাদের সঙ্গে সিংড়া এলাকার বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পয়ে পুলিশসহ সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ 

সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার জানান, সরকারি নদ-নদী, খাল-বিল দখল ও বিক্রয়ের কোন সুযোগ নেই। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক বলেন, ‘সংঘর্ষের খবর জানতে পেরে নলডাঙ্গার সহকারী কমিশনারকে (ভূমি) পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’