রাজধানীতে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ে ফারহান আহসান চৌধুরী (২১) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় খিলগাঁওয়ের উত্তর গোড়ানের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফারহান জবির নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ফারহানের মামা ফাহিম ফয়সাল জানান, উত্তর গোড়ানে ফারহানদের নিজস্ব বাসা৷ সাততলা বাড়িটির ষষ্ঠ তলায় পরিবারসহ থাকেন। বিকেলে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে তারা দরজা ভেঙে ফ্যানে ফাঁস লাগানো ফারহানের লাশ উদ্ধার করে।

তবে কী কারণে তিনি গলায় ফাঁস লাগিয়েছেন সে বিষয়ে কিছু জানতে পারেননি মামা ফয়সাল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ মর্গে রয়েছে। বুধবার ময়নাতদন্ত হবার কথা রয়েছে।