সালমানকে পর্দায় দেখেছি এখন কথা বলতে চাই

টেলিভিশনের বহুল প্রতীক্ষিত কিছু শো-এর মধ্যে ‘বিগ বস’ অন্যতম। প্রতি বছরই এই রিয়েলিটি শো-এর জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। দর্শকদের বিনোদন দিতে ফিরে এসেছে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ১৮তম সিজন। বলিউড অভিনেত্রী ও অরুণাচল প্রদেশের বিউটি কুইন চুম দারাংও সালমান খান সঞ্চালিত বিগ বস ১৮-এর অন্যতম প্রতিযোগী।

ভূমি পেডনেকর ও রাজকুমার রাওয়ের ‘বাধাই দো’ সিনেমায় অভিনয়ের জন্য জনপ্রিয় চুম দারাং। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ’র সঙ্গে একান্ত আলাপচারিতায় বিগ বসে অরুণাচল প্রদেশের প্রতিনিধি হিসেবে সুযোগ পাওয়া নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন। অভিনেত্রী বলেছেন, বিগ বসে অংশগ্রহণকে নিজের রাজ্য অরুণাচল সম্পর্কে মানুষকে জানানোর সুযোগ হিসেবে দেখছেন।

প্রথমবারের মতো বিগ বসে অংশগ্রহণে নিজের অনুভূতি নিয়ে চুম দারাং বলেন, ‘অবশ্যই কঠিন হতে চলেছে, কারণ এটি নতুন অভিজ্ঞতা। এছাড়া এই শো সম্পর্কে বিভিন্ন ধারণা রয়েছে, সবাই জানে এতে প্রচুর বিতর্ক রয়েছে এবং কিছু ব্যক্তিগত লড়াইও রয়েছে। তাই বিষয়টি নিয়ে আমি কিছুটা নার্ভাস।

তবে নিজেকে পরীক্ষা করতে পারবেন বলে মনে করেন অরুণাচলের এ অভিনেত্রী। তিনি বলেন, এখন আমি খুব স্বাচ্ছন্দ্যে থাকায় চ্যালেঞ্জটি গ্রহণ করেছি এবং এর জন্য উন্মুখ হয়ে আছি।

বিগ বস ১৮-তে নিজের রাজ্যের প্রতিনিধিত্ব করার বিষয়ে চুম দারাং বলেন, ‘এটি আমার পুরো রাজ্যের প্রতিনিধিত্ব করার মতো। আমি যদি বোকার মতো কিছু করি তাহলে তার দায় আমাকেই নিতে হবে। তবে আমি এর জন্য প্রস্তুত।

প্রতিবারের মতো এবারও বিগ বসে সঞ্চালক হিসেবে রয়েছেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। এ বিষয়ে চুম দারাং বলেন, ‘আমি প্রচণ্ড উত্তেজিত কিন্তু নার্ভাসও; কারণ সবসময় তাকে পর্দায় দেখেছি এবং এখন তার সঙ্গে দেখা করতে ও কথা বলতে চাই।’