বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় এমদাদুল হক হত্যা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবলীগ নেতার নাম রাকিবুল ইসলাম শিশির। তিনি বাড্ডা থানা যুবলীগের নেতা।
মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই সকালে উত্তর বাড্ডার এএম জেড হাসপাতালের সামনে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি ও ককটেল বিস্ফোরণ চালায়। এ সময় এমদাদুল হক কপালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
পুলিশ জানায়, এ ঘটনায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যুবলীগ নেতা শিশিরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাড্ডা থানার মামলায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।