পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কুয়াকাটার স্থানীয় এক জেলে মো. আলমাসের জালে ধরা পড়ে ইলিশটি। কুয়াকাটা মাছ বাজারের মনি ফিশ আড়তে মাছটি নিয়ে যান আলমাস। সেখানে নিলামে ওঠানো হলে ফিশ ভ্যালির পক্ষে মো. হাসান ৬ হাজার ৮৪০ টাকায় ইলিশটি ক্রয় করেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুম বলেন ৬ হাজার ৮৪০ টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছে এ সময়।
জেলে মো. আলমাস বলেন, মাছ ধরার উদ্দেশে সাগরে গিয়ে বরাবরের মতো হাইর নামক স্থানে জাল ফেলি। এ সময় এই বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের দামও একটু বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি আসলেই ভালো খবর। এই সাইজের মাছ মূলত গভীর সমুদ্রের থাকে, সমুদ্রের মোহনায় পলি পড়ার কারণে গভীরতা কমে যাচ্ছে, তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।