বিএসটিআই ও যুক্তরাষ্ট্রের ক্লাপসের সঙ্গে সমঝোতা স্মারক

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ক্লাপসের মধ্যে গতকাল মঙ্গলবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পরিবেশবান্ধব এবং বিদ্যুৎসাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি এলইডি লাইটের মান প্রণয়ন এবং উন্নত পরীক্ষণ যন্ত্রপাতি প্রদান বিষয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএসটিআইয়ের পক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম এবং ক্লাপসের পক্ষে সিনিয়র অ্যাসোসিয়েটস আসিফ হাসান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বিএসটিআই এবং ক্লাপসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএসটিআই মহাপরিচালক বলেন, দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির জন্য পণ্যের সামঞ্জস্য নিশ্চিত করতে মানগুলোর ঘন ঘন আপডেটের প্রয়োজন হয়। কারিগরি সহযোগিতায় জাতীয় মান উন্নয়নে বিএসটিআইয়ের প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে এবং ইইউ, এশিয়া এবং অন্যান্য প্রতিযোগিতামূলক দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসটিআইয়ের বিদ্যমান পরীক্ষার সুবিধাগুলো বৃদ্ধি করবে। তিনি আরও বলেন, যদিও আমরা প্রাথমিকভাবে বিদ্যুৎসাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি এলইডি লাইট পণ্য নিয়ে কাজ শুরু করেছি, কিন্তু আমরা এই উদ্যোগের অধীনে আরও ইলেকট্রনিকস যন্ত্রপাতি অন্তর্ভুক্ত করতে চাই। বিজ্ঞপ্তি