পাকিস্তান সফরে যাওয়ার আগে দারুণ এক মাইলফলক থেকে সামান্য দূরে ছিলেন জো রুট। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি রানের মালিক হতে তার প্রয়োজন ছিল আর ৭১ রান। চলতি মুলতান টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসেই তিনি সেই মাইফলক পেরিয়ে এখন সেঞ্চুরির পথে ছুটছেন।
গত আগস্টে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন রুট। ছাড়িয়ে গিয়েছিলেন তার পূর্বসূরি স্যার অ্যালিস্টার কুককে। এবার সেই কুকের ১২৭৪২ রান ছাড়িয়ে রুটই এখন রানসংখ্যায় ইংল্যান্ডের সর্বকালের সেরা।
আজ বুধবার মুলতান টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের শেষ দিকে আমের জামালকে অন ড্রাইভে চার মেরে কুককে ছাড়িয়ে যান রুট। রানের দিক দিয়ে তিনি টেস্ট ইতিহাসের শীর্ষ পাঁচেও উঠে গেছেন। তার ওপরে আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়।
কুক ১৬১ টেস্টের ২৯১ ইনিংসে ১২ হাজার ৪৭২ রান করেছেন। ১৪ টেস্ট ও ২৩ ইনিংস কম খেলেই তাকে ছাড়িয়ে গেলেন কুক। ইংল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটারের লেগেছে ১৪৭ টেস্টের ২৬৮ ইনিংস। এই রিপোর্ট লেখা পর্যন্ত রুট ৭২ রানে অপরাজিত আছেন। ৪৫.১ ওভারে তার দল তুলেছে ২ উইকেটে ২৩২ রান।