ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর বিধানসভায় জয়ী হয়েছে ফারুক আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট। হরিয়ানাতে বিজেপি তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট ৪৯টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতার মাইলফলক অতিক্রম করেছে। এই রাজ্যে বিধানসভার আসন ৯০টি এবং সরকার গঠন করতে প্রয়োজন ৪৬ আসন।
এদিকে, শোচনীয় পরাজয় হয়েছে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিডিপির। ১৯৯৯ সালে গঠনের পর থেকে এবারের বিধানসভা নির্বাচনেই সবচেয়ে শোচনীয় পরাজয় হয়েছে দলটির। ওই অঞ্চলে এতদিন ‘কিংমেকার’ হিসেবে পরিচিত ছিল পিডিবি।
বুথফেরত জরিপে পিডিবি ৪ থেকে ১২টি আসন পেতে পারে বলা হলেও আদতে তারা মাত্র তিনটি আসন পেয়েছে, যা গত নির্বাচনের চেয়ে ২৫টি কম।
অন্যদিকে হরিয়ানার ৯০টি আসনের মধ্যে ৪৮টিতে জয়ী হয়েছে বিজেপি। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৪৬টি আসন। আর কংগ্রেস পেয়ছে ৩৭ আসন। ভোটগণনার শুরুর দিকে হরিয়ানাতে এগিয়ে ছিল কংগ্রেস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে চিত্র পাল্টে যায়।
অন্যদিকে ,দিল্লি ও পাঞ্জাবে জয়লাভ করলেও হরিয়ানা রাজ্যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি কোনো আসনই পায়নি। তবে জম্মু ও কাশ্মীরে কিছুটা হলেও সাফল্য পেয়েছে দলটি। এখানকার ডোডা আসনে জয়লাভ করেছে তারা।