সম্পর্ক ভালো হোক বা খারাপ, আপনাকে মানতেই হবে সাকিব মহাতারকা: তামিম

ভারতীয় ক্রীড়া সাময়িকী স্পোর্টস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেটের পাশাপাশি সাকিব আল হাসানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও বিস্তর কথা বলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

সাকিবের সঙ্গে নিজের সম্পর্ক, ২০২৩ বিশ্বকাপ দল ঘোষণাকালীন সময়ের বিবাদ নিয়ে তামিম জানান, ‘সম্পর্কের মাঝে উত্থান-পতন থাকবেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনি একে অপরের ক্ষতি করছেন কি না। কারণ দিনশেষে আমরা প্রত্যেকেই দেশের জন্য খেলি। এজন্যই সাকিবের বিপক্ষে আমার কোনো অভিযোগ নেই এবং গণমাধ্যমেও আমি এ নিয়ে কখনো কথা বলিনি। সেটা যাই হোক, বাংলাদেশের ক্রিকেটের জন্য সাকিব যা করেছে তা অতুলনীয়। কেউ এটা অস্বীকার করতে পারবে না। সাকিবের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হোক বা খারাপ, আপনাকে মানতেই হবে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হলেন সাকিব।

এর পর তামিমের কাছে জানতে চাওয়া হয়- সাকিব আর আপনার সম্পর্কে অবনতি না হলে কী বাংলাদেশের ক্রিকেট আরও সমৃদ্ধ হতো? এর উত্তরে তামিম বলেন, ‘হ্যাঁ অবশ্যই, নিঃসন্দেহে। আমি বিশ্বাস করি আমাদের সম্পর্ক যদি আরও বেশিদিন ভালো থাকতো তাহলে দেশের ক্রিকেট আরও বদলে যেত। আমরা দুজনেই দেশের জন্য অনেকখানি করেছি। আমার মনে হয় এ বিষয়টি নিয়ে আমরা দুজনেই ইতিবাচক মfনসিকতা ধারণ করি এবং দেশের ক্রিকেটের জন্য সেরাটা চাই।