লাবুশেনের ভ্রু কুচকানো বোলিং আর ফিল্ডিং!

অদ্ভুতুড়ে বোলিং আর ফিল্ডিং সেটআপে বিস্ময়ের সৃষ্টি করেছেন মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান ঘরোয়া শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের অধিনায়ক। পার্থে পশ্চিম অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্বাভাবিক ফিল্ডিং সেটআপ এবং কিছু অপ্রত্যাশিত বাউন্সার দিয়ে ব্যাটসম্যান এবং তার সতীর্থদের দৌড়ের ওপর রেখেছিলেন। 

মঙ্গলবার পশ্চিম অস্ট্রেলিয়া ১৮/৩ থেকে ২০৭/৪ এ উঠে আসার পর লাবুশেন নিজেই বল হাতে তুলে নেন, কিছুটা এলোমেলো বোলিং করলেও তার তিন ওভারে মাত্র দুই রান দেন।

তবে বিতর্ক ওঠে যখন তিনি তরুণ পেসার টম স্ট্রেকারের প্যান্ট ধরে টেনে নন-স্ট্রাইকার প্রান্তে স্টাম্পের ঠিক পেছনে দাঁড় করান। মানে ব্যাটসম্যান বোলারকে ফলো করতে থাকলে, তার পেছনেই ওই ফিল্ডারের নড়াচড়াও দেখে দ্বিধাগ্রস্ত হতে পারেন। ধারাভাষ্যকার এসময় মন্তব্য করেন, 'ফিল্ডার প্রায় তার পাশেই দাঁড়িয়ে আছে। আমি এমন কিছু আগে কখনো দেখিনি।'

এমন অদ্ভুতুড়ে ফিল্ড সেটআপ নিয়ে অনেক ক্রিকেটপ্রেমী প্রশ্ন তোলেন, এটি আইনসঙ্গত কিনা। যদিও আইন মেনে হলেও, এটা ক্রিকেটের চেতনার বাইরে বলে মন্তব্য করেন অনেকে। 

এরকম ঘটনা ২০১৪ সালের মাইকেল ক্লার্কের এটি ফিল্ডিং সিদ্ধান্তের কথা মনে করিয়ে দেয়। ক্লার্ক তখন পাকিস্তানের বিপক্ষে অর্ধবৃত্তাকার ফিল্ডিং সেটআপ করেছিলেন, যা তখনও সমালোচিত হয়েছিল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার তখন বলেছিলেন, এটা স্পোর্টসম্যানশিপের পরিপন্থী, 'মাইকেল জনসন (ফিল্ডার) যেখানে আছে (বোলারের হাতের ঠিক পেছনে), আমি মনে করি না এটা খেলার চেতনার মধ্যে পড়ে।' 

একই 'অপকৌশল' ১০ বছর পর মাঠে প্রয়োগ করলেন মার্নাস লাবুশেন।