শেখ হাসিনার সরকার মানুষের ভোটে নির্বাচিত ছিল না: আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে মানুষের ভোটে নির্বাচিত ছিল না। তারা বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে, জনগণের ভোটের অধিকারকে বঞ্চিত করে ক্ষমতা কুক্ষিগত করে রেখে ছিল।

আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্লবীতে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গত জুলাই-আগস্টে আমরা নতুন করে স্বাধীন হয়েছি, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র পাইনি। গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন সুন্দর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এটাই অন্তবর্তীকালীন সরকারের কাছে এদেশের মানুষের প্রত্যাশা।

দেশের ক্লান্তি লগ্নে বিএনপি সবসময় জনগণের পাশে দাঁড়ায় উল্লেখ করে আমিনুল হক বলেন, বিএনপি জনগণের দল, জনগণকে নিয়েই বিএনপির রাজনীতি। দেশের কঠিন ক্লান্তি লগ্নে, যেকোনো দুর্যোগকালীন সময়ে বিএনপির নেতাকর্মীরা সর্বদা মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে লিফলেট শুধু হাট-বাজার, দোকানপাটে গিয়ে বিতরণ করলেই হবে না, জনসচেতনতার সুফল পেতে দেশের প্রতিটি অঞ্চলে মানুষের বাসায়-বাসায় গিয়ে লিফলেট বিতরণ করতে হবে। আমাদের ঢাকা মহানগর উত্তর-এর ৭১টি ওয়ার্ডের হাট-বাজার, দোকানপাট, রাস্তার পথচারীদের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের মানুষের বাসায়-বাসায় গিয়ে লিফলেট বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এ বি এম এ রাজ্জাকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দীন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।