বিএসইসি সাবেক চেয়ারম্যান শিবলীর দেশত্যাগের নিষেধাজ্ঞা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে  আদালত।

বুধবার (৯ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এই আদেশ দেন। দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। 

আবেদনে বলা হয়, ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক ডিন, ঢাকা ইউনিভার্সিটি ও সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান করছে। যেকোনো সময় উল্লেখিত ব্যক্তি দেশত্যাগ করতে পারে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার দেশত্যাগের নিষেধাজ্ঞা  আবশ্যক। আদালত শুনানি শেষে দেশত্যাগের নিষেধাজ্ঞা আবেদন মঞ্জুর করেন।