জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে আইন উপদেষ্টাকে আহ্বায়ক করে তিন সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে হবে।
বুধবার (৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট আকারে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিতে আরও দুইজন সদস্য রয়েছেন স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা।
দেশে রাজনৈতিক প্রেক্ষাপট বদলানোর পর জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে আর্থিক লেনদেনের তথ্য ছাপে একটি সংবাদপত্র। গত ৩ অক্টোবর পত্রিকাটিতে ‘আমার 5C হলেই চলবে, স্যার 10C রাখব’ শিরোনামে প্রকাশিত সংবাদটিতে বলা হয়েছে— ডিসি নিয়োগে আর্থিক লেনদেনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম জড়িত। মোখলেস উর রহমান ও আলী আযমের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথনের বেশকিছু তথ্যও তুলে ধরা হয় প্রতিবেদনটিতে।
সংবাদ প্রকাশের পর ওইদিন (৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তার দাবি, সারা দেশে জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে লেনদেনের অভিযোগ সংক্রান্ত যে সংবাদ সম্প্রতি প্রকাশিত হয়েছে সেটি সত্য নয়।
সচিব আরও বলেন, ‘এটি একটি ফেক নিউজ। ওই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযোগ আমলে নিচ্ছি না।’
তিনি দাবি করেন, ‘নিউজে স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে, সেটি আইফোনের স্ক্রিনশট। কিন্তু আমি ব্যবহার করি স্যামসাং ফোন। আমি সরকারি কোনো ফোন ব্যবহার করি না।’