নির্বাচন ভবনে প্রথম সভা

রাজনৈতিক দলসহ সবার মতামত নেবে ইসি সংস্কার কমিশন

রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘নির্বাচন সংক্রান্ত আইন-কানুন, বিধি-বিধান সবকিছু আমরা পর্যালোচনা করব। যাতে সুষ্ঠু নির্বাচনের সহায়ক হয়। অতীতে যা ঘটেছে তা অতীত। এখন আমরা নতুন করে শুরু করতে চাই।’ গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সঙ্গে প্রথম বৈঠকের আগে সেখানে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন সংস্কার কমিশনের প্রধান।

তিনি বলেন, ‘এখানকার যারা কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদেরও আমি বলেছি; অতীতে যা ঘটেছে তা অতীত। আমরা একটা নতুন সম্পর্ক, সহযোগিতার সম্পর্ক গড়ে তুলব। যাতে আমরা সবাই মিলে একটা নির্বাচনের পথ প্রশস্ত করতে পারি। যা নিয়ে আমরা গর্ব করতে পারব। একইসঙ্গে জাতি চিরদিন মনে রাখবে।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের চিন্তা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা পলিটিকাল পার্টির মতামত নেব। তাদের প্রস্তাব নেব। বিভিন্ন পদ্ধতিতে আমরা সবার সুপারিশ নেওয়ার চেষ্টা করব। রাজনৈতিক দলের কাছ থেকে আমরা কীভাবে মতামত নেব, তা আলাপ-আলোচনা করে ঠিক করব।’

নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের বড় ইস্যু হলো প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার ও ভোটের অধিকার নিয়ে কী করা যায় সে বিষয়গুলো খতিয়ে দেখা। এখানে আমাদের যে টেকনোলজি এক্সপার্ট (প্রযুক্তি বিশেষজ্ঞ) আছেন তিনি খতিয়ে দেখবেন এবং অন্যদের সহায়তা নেবেন।’

নির্বাচনে সংরক্ষিত নারী আসন নিয়ে সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘নির্বাচন ব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও জাতীয় নির্বাচনে যে সংরক্ষিত আসন আছে, স্থানীয় নির্বাচনে যে রিজার্ভ সিট (সংরক্ষিত আসন) আছে, এসব বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করব।’

বিগত সময়ের জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা অতীতের নির্বাচনগুলো খতিয়ে দেখার চেষ্টা করব। তার থেকে শিক্ষাগ্রহণ করার চেষ্টা করব এবং আমরা পার্শ¦বর্তী দেশের নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চেষ্টা করব। সেইসঙ্গে সব অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করার চেষ্টা করব।