টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের উপজেলার কষ্টাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইফুল কুকাদাইর গ্রামের মৃত বদি তালুকদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ঢাকায় মাংসের ব্যবসা করতো সাইফুল। গতকাল দুপুরে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। রাতে বাড়ি না ফেরায় খোঁজ করতে থাকে পরিবার। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পাশে স্থানীয় লোকজন সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, ঢাকায় মাংসের ব্যবসা করত সাইফুল। আজ সকালে সড়কের স্থানীয়রা খবর দেয় পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর হত্যার আসল কারণ জানা যাবে।