সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। এর ফলে ভোর থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের ভোগান্তির অন্ত নেই।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে এই যানজট দেখা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকে থেমে থেমে বৃষ্টি ও মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দকের ফলে যানজটের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটিকে কেন্দ্র করে যাত্রীর চাপ বেড়েছে। এতে প্রায় ১০ কিলোমিটার অংশজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
যানজটে আটকে থাকা আনোয়ার হোসেন নামের আরেক যাত্রী বলেন, টানা চারদিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। কিন্তু যানজটের কারণে আনন্দটা মাটি হয়ে যাচ্ছে।
পূজায় পরিবার নিয়ে সিলেট যাচ্ছেন ব্যবসায়ী শ্যামল পাল। সঙ্গে তার দুই মেয়ে ও স্ত্রী। তিনি বলেন, আজ সপ্তমীতে বাড়ি যাচ্ছি। মনে করেছি অল্প সময়ে বাড়ি চলে যাব। কিন্তু দুই ঘণ্টায় মাত্র নারায়ণগঞ্জ এলাম। বিকেল হয়ে যাবে বাড়ি পৌঁছাতে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, একদিকে টানা ছুটিকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ। আরেক দিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারছে না। এর ফলে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে আমরা কাজ করছি। আশা করছি, খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।