যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও আশিক

বগুড়ার শেরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক খান যোগদান করেছেন। আজ ১০ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে দৈনিক দেশ রূপান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নবাগত ইউএনও তার কর্ম ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলার পাশাপাশি যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাবনা জেলার এই কৃতি সন্তান প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়ালেখা শেষ করে ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মাধ্যমে তার প্রথম কর্মজীবন শুরু হয়। বগুড়ার শেরপুর উপজেলাতে যোগদানের পূর্বে তিনি একই জেলার ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। গত ৬ অক্টোবর রবিবার শেরপুর উপজেলায় যোগদান করেন তিনি।

(ইউএনও) মো. আশিক খান দেশ রূপান্তরকে বলেন, প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে জনগণের সেবা দিতে অর্পিত যা দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালন করতে চাই। প্রশাসনের পক্ষ থেকে সকল ক্ষেত্রে শেরপুর উপজেলাকে এগিয়ে নিতে চাই। এ জন্য শেরপুর উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ২০২৩ সালের ১২ ডিসেম্বর শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন মোঃ সুমন জিহাদী। গত ২২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ইউএনও মোঃ সুমন জিহাদীকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতির মাধ্যমে বদলি করা হয়।