জামিনে মুক্তির পর এবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে। সেখান থেকে তিনি তার সুনামগঞ্জের বাড়ি যান।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে কারাগার থেকে মুক্তির সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে হাসপাতাল থেকে রিলিজ (ছাড়পত্র) দিয়েছে চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সুনামগঞ্জ থেকে জামিনের কাগজপত্র সিলেটে এলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সব প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতার ওপর হামলার এক মামলায় ১৯ সেপ্টেম্বর এম এ মান্নানকে শান্তিগঞ্জের হিজলবাড়িতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।