মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে গলা কেটে হত্যার অভিযোগে আরও ৩ বাংলাদেশিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে ইপুহ জেলার তেলুক ইন্তান এলাকা থেকে ওই বাংলাদেশি শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করে দেশটির পুলিশ।
আটকদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে নিহত ও আটক বাংলাদেশিদের নাম প্রকাশ করা হয়নি। তবে ভুক্তভোগীর বয়স ২৭ বছর বলে জানা গেছে।
দেশটির পেরাক প্রদেশের পুলিশ প্রধান দাতুক আজিজি মাত আরিস গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার সময় ২৭ বছর বয়সী বাংলাদেশি এক নির্মাণ শ্রমিকের লাশ পাওয়া যায়। তদন্তের স্বার্থে নিহতের ৩ সহকর্মীকে আটক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
নিহত ব্যক্তি ও সহকর্মীদেরকে গত রাত সাড়ে ৮টার সময় রাতের খাবার খেতে ও একসাথে জামাতে নামাজ পড়তে দেখা গেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।