নারায়ণগঞ্জ

সাইবার জগতে অনেকে অপতৎপরতা চালাচ্ছে: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জে তথাকথিত গডফাদারসহ অনেকেই শহরকে সন্ত্রাসের জনপথ বানানোর চেষ্টায় তৎপরতা চালিয়েছে। আমরা সেই গডফাদারদের স্মরণ করিয়ে দিতে চাই যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে সন্ত্রাসকে লালন করবে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তারা যাতে এই পথে পা না বাড়ায়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়াস্থ রামকৃষ্ণ মিশন পূজা মন্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জে লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনার গুলোর মধ্যে আলোচিত হচ্ছে ত্বকী হত্যা। এই ত্বকী হত্যার বিচার কাজ দীর্ঘদিন বন্ধ রাখার চেষ্টা করা হয়েছে। তদন্ত কাজ আগাতে দেয়নি। আমরা কিন্তু সেই ত্বকী হত্যার তদন্ত শুরু করেছি। যা চলমান রয়েছে।

এসময় আইজিপি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সহকর্মী সাংবাদিক সাগর-রুনি হত্যার তদন্ত কিন্তু শুরু হয়েছে। আমরা চাই ঘটনা ঘটার আগেই সেটা প্রতিহত করতে। তবে কোনো ঘটনা যদি ঘটে যায় তাহলে যাতে দ্রুত তদন্ত করতে পারি এবং আসামিদের যাতে আইনের আওতায় আনতে পারি এজন্য আপনাদের সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি ডিজিটাল বিপ্লব এর মধ্যে দিয়ে গিয়েছে। এর যেমন উপকারিতা আছে। তেমনি সাইবার জগতে অনেকে অপতৎপরতা চালাচ্ছে। অনেকে বিভিন্ন গুজব, ঘটনাকে অতিরঞ্জিত করছে। এ ব্যাপারে আমরা শক্ত অবস্থানে আছি। রিয়াল ওয়ার্ল্ড ও সাইবার ওয়ার্ল্ড যেখানেই ঘটনা ঘটছে, সব জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ।