আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুই ডেপুটি গভর্নর নুরুন নাহার ও ড. হাবিবুর রহমানের পদত্যাগসহ অফিসার্স কাউন্সিলের ‘বিবি-নাইট’ বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
গত বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে গভর্নরকে স্মারকলিপি দেন বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় ব্যাংকার্স প্ল্যাটফর্ম খ্যাত ‘দুর্নীতিমুক্ত কেন্দ্রীয় ব্যাংক গঠন পরিষদ’। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স কাউন্সিল উদ্যোগে আসন্ন ২০ অক্টোবর রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠাতব্য ‘বিবি-নাইটে’ গভর্নর ড. আহসান এইচ মনসুরকে শারীরিকভাবে উপস্থিতি না থাকতে অনুরোধ জানিয়েছেন আন্দোলনরত কেন্দ্রীয় ব্যাংকার্সরা।
স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলো হলো আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া এবং ব্যাংক লুটেরাদের সহচর ডেপুটি গভর্নর নুরুন নাহার ও ড. হাবিবুর রহমানকে দ্রুত সময়ে পদত্যাগ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার স্বার্থে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগের পর সব ডেপুটি গভর্নরের পদত্যাগ করার দাবি ছিল। কিন্তু ব্যাংকের কাজ নির্বিঘেœ করতে নুরুন নাহার ও ড. হাবিবুর রহমানকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়। বর্তমানে গভর্নর এবং দুজন ডেপুটি গভর্নর যোগদানের ফলে তাদের আর থাকার সুযোগ থাকে না।