চট্টগ্রামে পূজামণ্ডপে গান গাওয়া নিয়ে অবস্থান জানাল ছাত্রশিবির। সংগঠনটির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, এর সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।
শিবির এমন কাজকে কখনোই সমর্থন করে না দাবি করে জাহিদুল ইসলাম লিখেন, দায়িত্ব নিয়ে বলছি, এর সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই। শিবির কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, এমন কাজকে কখনোই সমর্থন করে না। তাই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে শিবির সেক্রেটারি লিখেন, নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত সত্য সবার সামনে উঠে আসুক। কেউ দোষী হলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক।
তিনি লিখেন, সত্যতা যাচাই না করেই যারা বিভিন্ন সময়ে শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালায়, তারা একটা সময় গিয়ে নিজেদের বিবেকের কাছেই প্রশ্নবিদ্ধ হবেন। এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ করছি।