বিপিএলে বরিশালে হৃদয়

বিপিএলের গেল আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তাওহীদ হৃদয়কে। আজ নিজেদের ফেসবুক পেইজে হৃদয়কে দলে ভেড়ানোর কথা জানিয়েছেন বরিশাল।

বিপিএলের গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেন হৃদয়। বিপিএলের সবচেয়ে সফলতম দলের হয়ে সবশেষ আসরে ১৪ ম্যাচে ৪৬২ রান করেছিলেন। এমন পারফরম্যান্সের পর কুমিল্লাতে থাকার কথা ছিল তার। কিন্তু আসছে বিপিএলে কুমিল্লা খেলছে না।

তাতে হৃদয়ের নতুন দলে খেলাটা নিশ্চিতই ছিল। পুরনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেশি ক্রিকেটারদের মধ্যে একজনকে সরাসরি চুক্তিতে নিতে পারতো বরিশাল। সেটার ফায়দা নিয়েই হৃদয়কে দলে টেনেছে তারা।

আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা বিপিএলের একাদশ আসরের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। তার আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে।