আরব আমিরাতে মাংকি পক্সে প্রবাসীর মৃত্যু, কুমিল্লায় লাশ দাফন

সংযুক্ত আরব আমিরাতে মাংকি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের (৩৮) লাশ কুমিল্লার মেষতলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর উপস্থিতিতে কামালের লাশ দাফন করা হয়।

কামাল হোসেনের বাবা নজির আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে ছেলের লাশ নিয়ে তিনি ঢাকা বিমানবন্দর থেকে রওনা দেন। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল ৮টায় গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের মেষতলায় পারিবারিক কবরস্থানে কামাল হোসেনের লাশ দাফন করা হয়।

মুন্সিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, কামাল হোসেনের স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। ছয় থেকে সাত বছর আগে জীবিকার তাগিদে কামাল আরব আমিরাতে যান। গত ৩০ সেপ্টেম্বর মাংকি পক্স আক্রান্ত হয়ে কামাল হোসেন আরব আমিরাতে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু বলেন, ৩০ সেপ্টেম্বর আরব আমিরাতের সারজায় একটি হাসপাতালে মাংকি পক্স আক্রান্ত হয়ে মো. কামাল হোসেন মারা যান।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ জানান, সংযুক্ত আরব আমিরাতে মাংকি পক্স আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের লাশ স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে।