চোখের ওপর বাড়তি চাপ কমাবেন যেভাবে

কাজ, পড়াশোনা, বিনোদন সবই এখন ডিজিটাল যন্ত্রনির্ভর। অতিরিক্ত ফোন বা ল্যাপটপ দেখলে চোখের ওপর চাপ পড়া স্বাভাবিক। চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি পড়া, জ্বালা করা কিংবা দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘ডিজিটাল আই স্ট্রেন’ বলা হয়।

চোখের চিকিৎসকরা বলছেন, এই ধরনের সমস্যা শুধু মোবাইল বা ল্যাপটপে চোখ রাখলেই হয় না। দীর্ঘক্ষণ একভাবে পড়াশোনা কিংবা সেলাইয়ের কাজ করলেও এমন সমস্যা দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়। এমনটা হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। পাশাপাশি, কয়েকটি নিয়ম মেনে চললে চোখের ওপর এসে পড়া বাড়তি চাপ কমানো যাবে

একটানা বই বা ডিজিটাল স্ক্রিনে চোখ রাখা যাবে না। পড়া বা কাজের ফাঁকে ২০ মিনিট অন্তর ২০ ফুট দূরত্বে থাকা কোনো একটি বস্তু ২০ সেকেন্ড ধরে দেখতে হবে।

চোখের আর্দ্রতা ঠিক রাখতে হবে। ত্বক যেমন শুষ্ক হয়ে যায়, চোখও তেমনভাবে শুষ্ক হয়ে পড়ে। চোখ থেকে পানি পড়ে লাল হয়ে যেতে পারে। সারাক্ষণ চোখে অস্বস্তি হতে পারে। চিকিৎসকের পরামর্শ মতো চোখে ‘লুব্রিকেটিং আই ড্রপ’ দিতে থাকলে এই ধরনের সমস্যা অনেকটা রুখে দেওয়া যায়।

বারবার চোখের পলক ফেলা দরকার। ঘন ঘন চোখের পলক ফেলার অভ্যাসেও চোখ আর্দ্র থাকে। চোখে কোনো রকম অস্বস্তি হলে বেশির ভাগ মানুষ প্রথমেই চোখ রগড়ে ফেলেন। তাতে উল্টো চোখের ক্ষতি হয়। তার চেয়ে বরং বারবার চোখের পলক ফেলা যেতে পারে।

চোখে শুকনো কাপড় বা হিটপ্যাডের সেক নেওয়ার চেয়ে গরম পানির সেক নেওয়া ভালো। পরিষ্কার হালকা গরম পানিতে সুতির কাপড় ভিজিয়ে ভালো করে নিংড়ে নিন। তারপর ওই কাপড় চোখের ওপর চেপে ধরে রাখুন মিনিট দশেক। এইভাবে দিনে অন্ততপক্ষে দুবার চোখে গরম সেক নিতে হবে।