সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কুমিল্লার চৌদ্দগ্রামের কামাল হোসেনের (৩৮) মরদেহ দেশে এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে গতকাল শুক্রবার সকালে গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমাতুল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু উপস্থিত ছিলেন। কামাল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মেসতলা গ্রামের নজির আহমেদের ছেলে। ছয়-সাত বছর আগে জীবিকার তাগিদে তিনি আমিরাতে যান। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর মাঙ্কিপক্সে আক্রান্ত হয় সেখানে তার মৃত্যু হয়।
কামাল হোসেনের বাবা নজির আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে লাশ নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে রওনা দিই। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী (গতকাল) সকাল ৮টায় গ্রামের বাড়িতে কামাল হোসেনের লাশ দাফন করা হয়। আমার পরিবার কে চালাবে? কই যামু মেয়েগুলো নিয়ে।’
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের লাশ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে।