মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল দুই বন্ধুর

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের ছামচেড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ছাড়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার এবং দিনাজপুরের বিরামপুরে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

চৌদ্দগ্রামে নিহতরা হলেন মো. দেলোয়ার হোসেন (২৫) ও মো. সাগর (২৩)। এ ঘটনায় আরেক আরোহী রায়হান (২৪) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

নিহত দেলোয়ার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে, সাগর একই উপজেলার জয়নগর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নিহত দেলোয়ার হোসেনের খালাতো ভাই মাকসুদ আলম বলেন, আহত রায়হান তার দুই বন্ধু দেলোয়ার হোসেন ও সাগরকে নিয়ে চৌদ্দগ্রাম থেকে দাওয়াত খেয়ে সদর দক্ষিণ এলাকায় বাড়িতে ফিরছিলেন। এ সময় উজিরপুর ইউনিয়ন ছামচেড়ি এলাকায় এলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানে ধাক্কা দিলে ছিটকে পড়েন তিনজন। এ ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাগর ও রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। গুরুতর আহত রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দেলোয়ার হোসেনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। শুনেছি কুমিল্লা হাসপাতালে সাগর নামে একজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২ : বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ছাড়া কাভার্ড ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল ভোর সাড়ে ৫টার দিকে ওই দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয়পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

নিহতরা হচ্ছেনÑ ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামের আজহারুল ইসলামের ছেলে ট্রাকচালক আনোয়ারুল ইসলাম (৪০) এবং একই জেলার আরাজি বেলতুলি গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে ট্রাকের হেলপার আরিফুল ইসলাম (২২)।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান মহাসড়কের সল্লায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িতে থাকা তিনজন ভেতরে আটকা পড়ে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আটকে পড়া তিনজনকে উদ্ধার করে।

তারা আরও জানান, ট্রাকে আটকা পড়া চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ছাড়া আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : বিরামপুর পৌর  এলাকার বাবনাহারে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় ভ্যান আরোহী জহুরুল ইসলাম এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি গতকাল বিকেল ৫টায় ঘটেছে।

এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নিহত জহুরুল ইসলামের বাড়ি বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিরামপুর থানার ওসি মুতাজুল হক জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।

(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন আঞ্চলিক সংবাদদাতা, কুমিল্লা, চৌদ্দগ্রাম (কুমিল্লা) ও টাঙ্গাইল প্রতিনিধি এবং বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা)