যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত 

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হ্যামট্রাম্যাক পুলিশ। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত দেড়টার দিকে হামট্রামিক শহরে এ ঘটনা ঘটে।

নিহত ওই দুই বাংলাদেশি হলেন— সুনামগঞ্জের ছাতকের বুরাইরা গ্রামের নুর মিয়া ও তাঁর ছেলে এম মাহিদুল ইসলাম সুজন। ঘটনাস্থলেই তাঁরা দুইজন প্রাণ হারান বলে জানা গেছে। 

জানা যায়, ডেট্রয়েটের কনান্ট রোড ও ম্যাকনিকলস রোডের সংযোগস্থলের কাছে (ডেট্রয়েট দুর্গা টেম্পলের কাছে) এ দুর্ঘটনাটি ঘটে। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

হ্যামট্রাম্যাক পুলিশ প্রধান জামিল আল তাহেরি সংবাদ মাধ্যমকে জানান, একটি সন্দেহজনক গাড়ীর যাত্রীদের পুলিশ তাড়া করলে গাড়ীটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় রাস্তার সিগন্যালে দাঁড়িয়ে থাকা মাহিদুল ইসলাম সুজনের গাড়ীতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুজন ও তার বাবার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় এখানে থাকা ৬টি গাড়ী ক্ষতিগ্রস্ত হয়। এতে আহত হন আরও ৩ জন। 

হ্যামট্রাম্যাক পুলিশ প্রধান জামিল আল তাহেরি বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, নিহত ব্যক্তির পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। মিশিগান স্টেট পুলিশ ও ডেট্রয়েট পুলিশ বিভাগ হ্যামট্রাম্যাক পুলিশকে এ ঘটনার তদন্তে সাহায্য করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মাহিদুলের মামাতো ভাই নাভেদ আহমদ বলেন, মাহিদুল বিবাহ সূত্রে বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছিলেন। মাস দুয়েক আগে বাবাসহ পরিবারের সদস্যদের সেখানে নিয়ে যান। বৃহস্পতিবার রাতে মাহিদুল তাঁর বাবাকে নিয়ে প্রাইভেটকারে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যুতে ডেট্রয়েটসহ যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।