ক্রীড়া উপদেষ্টা বললেন

সাতক্ষীরায় শহীদ আসিফের নামে হবে স্টেডিয়াম

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের বিনিময়ে আজকের এই স্বাধীনতায় সাতক্ষীরা জেলার দেবহাটা শহীদ আসিফদের অবদানের কথা ভুলে গেলে হবে না। তাদের আমাদের প্রেরণা হিসাবে ধারণ করতে হবে। আমাদের যারা জাতীয় বীর এবং যে সব শহীদ হয়েছে তাদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে। এরই অংশ হিসেবে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নাম ‘শহীদ আসিফ স্টেডিয়াম’ হিসেবে নামকরণ করা হবে। গতকাল শনিবার সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, সাতক্ষীরাসহ সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচারের কারণে বৈষম্যের শিকার হয়েছে। এখন সময় এসেছে এই জনপদকে এগিয়ে নেওয়ার। সাতক্ষীরা জেলাকে নিয়ে আগে যে কথা শোনা যেত এসে দেখি তা নয়। এখানে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতির কোন ঘাটতি নেই। এ জেলার মানুষ অনেক শান্তিপ্রিয়। আগে সাতক্ষীরাকে ভিন্নভাবে দেখা হলেও সেটি আর থাকবে না।