চট্টগ্রামে পূজামন্ডপে ইসলামি গান পরিবেশনের সঙ্গে ছাত্রশিবিরের কেউ জড়িত নন বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। গতকাল শনিবার নারায়ণগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে মহানগর ছাত্রশিবিরের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মঞ্জুরুল ইসলাম বলেন, ‘ওই পূজামন্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকেই মূলত যারা গান গাওয়ার জন্য আসছিল, তাদের আমন্ত্রণ করা হয়েছিল। তারা আমন্ত্রিত ছিল। তারা আমন্ত্রিত হিসেবেই গান গায়। যদিও এখন এটা ভিন্নভাবে নেওয়া হচ্ছে।’
মন্ডপে ইসলামি গান পরিবেশন প্রসঙ্গে শিবিরের সভাপতি বলেন, ‘এটি একটি আলোচিত ইস্যু। আমরা ছাত্রশিবিরের পক্ষ থেকে স্পষ্ট করেছি, প্রথমত ইসলামী ছাত্রশিবিরের রানিং কোনো জনশক্তি বা ছাত্রশিবিরের কোনো জনশক্তি এই গান পরিবেশনের সঙ্গে সম্পৃক্ত নয়। আদর্শিকভাবে শিবির একটা শক্তিশালী সংগঠন। যারা শিবিরের এই আদর্শিক আন্দোলনকে পছন্দ করে না, শিবিরের কার্যক্রমে যারা ভীতসন্ত্রস্ত, তারাই গুজব অপপ্রচার চালিয়ে আসছে।’