যশোরেশ্বরী কালীমন্দিরের মুকুট চুরিতে গ্রেপ্তার ৪

সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া মুকুট চুরির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শনিবার মন্দিরের পুরোহিতের সহকারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার রাত ২টার দিকে মন্দির পরিচালনা কমিটির পক্ষে জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে শ্যামনগর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন। এর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশকে (ডিবি)।

আটক চারজন হলেন মন্দিরের পুরোহিতের সহকারী অপূর্ব সাহা (৩৭), সঞ্জয় বিশ^াস সাজু (৪০), পরিচ্ছন্নতাকর্মী রেখা রানী সরকার (৪২) ও পারুল বিশ^াস (৪১)।

মামলার এজাহারে বাদী জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় উল্লেখ করেন, যশোরেশ্বরী মন্দির একটি তীর্থস্থান। ১৮০৯ সাল থেকে তাদের পূর্বপুরুষরা মন্দিরটি পরিচালনা করছেন। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দির পরিদর্শনকালে দেবীর মাথায় রুপার ওপর সোনার জলের রঙ করা একটি মুকুট পরিয়ে দেন। প্রায় ৩০ ভরি ওজনের ওই মুকুটের দাম প্রায় এক লাখ টাকা।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পুরোহিত দিলীপ ব্যানার্জির কাছে মন্দিরের চাবি থাকে। তবে পরিচ্ছন্নতার জন্য মাঝেমধ্যে রেখা রানীকে পুরোহিত চাবি হস্তান্তর করেন। এমন এক অবস্থায় গত ১০ অক্টোবর আগত ভক্তদের সেবা দেওয়ার সময় মন্দিরের চাবি খুলে কাজের সময় পরিচ্ছন্নতাকর্মী রেখা অসাবধানতাবশত বাইরে চলে যান। পরক্ষণে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দেবীর মাথা থেকে মুকুট খুলে নিয়ে পালিয়ে যান।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, ‘মুকুট চুরির ঘটনায় করা মামলা ডিবি তদন্ত করছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তারা চারজনকে আটক করেছে। সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যাওয়া মুকুট চুরিতে জড়িত যুবককে শনাক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে।’