আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা করা দরকার সবই করেছেন তারেক রহমান। এটা যদি কাউকে ব্যাখ্যা করে বোঝাতে হয়, তাহলে একটু অসুবিধা আছে। ১৬ বছর ধরে শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আর তারেক রহমান বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে রক্ষা করেছেন।

গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন’ আয়োজিত প্রতীকী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদু এ কথা বলেন।

দুদু বলেন, ‘এক মাসে কিছু হয় না। একটা সন্তান জন্ম দিতেও ৯ মাস লাগে। এক মাসে যদি কোনো সন্তান আনতে হয়, সেটা মৃত সন্তান হয়। ১৬টি বছর এ দেশের মানুষ রক্ত দিয়েছে, ছাত্র, শ্রমিক ও কৃষক গুম এবং নিখোঁজ হয়েছে, জেল খেটেছে। এক মাসের আন্দোলনের কথা সব বিবেচনায় যদি এনে থাকেন, সেটা ঠিক নয়।’ অবিলম্বে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা জেড মোহাম্মদ খান রিয়াজ উদ্দিন নসু, আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।

আ.লীগ এখনো ষড়যন্ত্র করছে : ফারুক দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সত্যের শক্তি নামে একটি সংগঠন আয়োজিত নাগরিক সংলাপে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘পুলিশের তথ্যমতে পূজা উপলক্ষে ১৬ থেকে ১৭টি বিশৃঙ্খলা হয়েছে। যুবলীগ-ছাত্রলীগ-গুন্ডা লীগের হাতে অস্ত্র রয়েছে, সেগুলো এখনো উদ্ধার হয়নি। তারা মন্দিরে হামলা করবে এটা পরিষ্কার।’

সংগঠনটির আহ্বায়ক রাকেশ রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এদিকে গতকাল দুপুরে ঢাকা বিশ^বিদ্যালয়ের জগন্নাথ হলে পূজাম-প পরিদর্শনকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সচিবালয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের প্রেতাত্মাদের বের করতে না পারলে চক্রান্ত থামবে না। কারণ আওয়ামী লীগের দোসরদের হাতে অস্ত্র, অবৈধ টাকা আছে। তারা ষড়যন্ত্র করে মরিচের দাম বাড়াবে, মন্দিরে হামলা করবে।’