ভারত সিরিজে ধবলধোলাই হয় দেশে ফিরছে বাংলাদেশ। আগামী সপ্তাহেই দক্ষিণ আফ্রিকা আসছে ঢাকায়। তাদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে ২১ অক্টোবর থেকে। তবে তার আগে প্রোটিয়ারা চেয়েছিল নিরাপত্তা। সেই নিরাপত্তার জোরদারে মিরপুরে হয়েছে কয়েক দফা মহড়া। আজও আরেকবার হাজির বাংলাদেশ সেনাবাহিনীসহ একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা।
আর শেষ পর্যায়ের নিরাপত্তা প্রস্তুতির মহড়া দেখতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়, গঠন হয় অন্তবর্তীকালিন সরকার। রাজনৈতিক এই অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে সরে গিয়েছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার ঘরের মাঠের দ্বিপক্ষীয় সিরিজকেই তাই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়টিও জোর দিয়ে দেখছে বিসিবি ও সরকার।
এছাড়া দেশের মাটিতে খেলেই টেস্ট থেকে অবসর নিতে চান সাকিব আল হাসান। তাকেও ঘরের মাটিতেই বিদায় দিতে চায় ক্রিকেট বোর্ড। রাজনৈতিক কারণে তার নিরাপত্তা নিয়েও রয়েছে শঙ্কা। তাই তার নিরাপত্তার ব্যাপারেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব দেখতেই আজ মিরপুরের হোম অব ক্রিকেটে এসেছিলেন ক্রীড়া উপদেষ্টা।
তিনি মাঠে আসতেই তাকে স্বাগত জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। সেনাবাহিনী কমান্ডোদের মহড়া পরিদর্শন শেষে কথা হবে সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়টি নিয়েও।